সারাদেশ

লালমনিরহাটে আধুনিক ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

প্রিন্ট
লালমনিরহাটে আধুনিক ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন

প্রকাশিত : ৩ জুলাই ২০২৬, রাত ৯:২৯

লালমনিরহাটে আধুনিক ডায়ালাইসিস সেন্টার চালুর ফলে জেলার কিডনি রোগীদের চিকিৎসাসেবায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। এখন থেকে ডায়ালাইসিসের জন্য রোগীদের আর দূর-দূরান্তে ছুটতে হবে না, স্থানীয় পর্যায়েই মিলবে মানসম্মত চিকিৎসাসেবা। সেই সঙ্গে দরিদ্র ও অসহায় রোগীদের ডায়ালাইসিস ব্যয় কমাতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (৩ জুলাই) সকালে সোনার বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশের উদ্যোগে লালমনিরহাটের ডা. সেলিমা ডায়াবেটিস হাসপাতালে নবনির্মিত ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোগ প্রতিরোধের ওপর জোর দিয়ে ত্রাণমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব কর্মী বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশুদের পুষ্টি, নিরাপদ জীবনযাপন এবং রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন। এ সময় তিনি লালমনিরহাট অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠায় সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন।

বাজারে রাসায়নিকযুক্ত খাদ্যের ব্যবহার বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে কিডনি বিকল হওয়ার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম।

এছাড়াও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি ও ইউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এ.বি.এম. মোবাশ্বের আলম, অধ্যাপক ডা. শহিদুল ইসলাম সুগম, ডায়াবেটিস সমিতির অ্যাডহক কমিটির সদস্যসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেহী এবং সোনার বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবু হেনা মোস্তফা কামালসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।