সারাদেশ

সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনেই ডাকাত: জাপান প্রবাসী দম্পতির ৩০ লাখ টাকার স্বর্ণ লুট

প্রিন্ট
সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টের সামনেই ডাকাত: জাপান প্রবাসী দম্পতির ৩০ লাখ টাকার স্বর্ণ লুট

প্রকাশিত : ৯ জুলাই ২০২৬, সন্ধ্যা ৮:৫৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এক জাপান প্রবাসী দম্পতির গাড়ির গতিরোধ করে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মুঠোফোন ও নগদ টাকা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। এই ঘটনার পর ভুক্তভোগী দম্পতির জাপানে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ।

ভুক্তভোগী প্রবাসী আরমানের (৪০) বাড়ি ফেনী জেলায়। পরিবার জানান, স্ত্রী-সন্তানদের নিয়ে জাপানে ফেরার উদ্দেশ্যে তারা একটি মাইক্রোবাসে করে ফেনী থেকে ঢাকার বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫-৬ জনের একদল সশস্ত্র ডাকাত দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। পরে যাত্রীদের মারধর করে ১৫ ভরি স্বর্ণ, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, ঘটনাটি মূল মহাসড়কে নয়, পাশের একটি নিচু সড়কে ঘটেছে। অন্যদিকে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি থানা পুলিশের চেকপোস্টের সামনে ঘটেছে বলে শুনেছি, আমরা তদন্ত করছি।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) দীপংকর ঘোষ জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।