সারাদেশ

সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে জখম: থানায় অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে জখম: থানায় অভিযোগ

প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, রাত ১২:২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. সুজন (২০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একটি হোটেলের কর্মচারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন চাঁদপুর ইয়ামি রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ নামের দোকানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা রুমা বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, হোটেলের কারিগর রাজু (৩৫), সাদ্দাম (৩০), শাহীন মাস্টার (২৮) ও রাব্বি।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে প্রতিবন্ধী সুজন ওই রেস্তোরাঁর সামনে দিয়ে যাওয়ার সময় রাজু তাকে উদ্দেশ্য করে গালিগালাজ ও কুৎসিত মন্তব্য করে। এর প্রতিবাদ করলে এক অজ্ঞাত কর্মচারী সুজনকে প্রথমে চড় মারে। পরে রাজুসহ অন্যরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে প্রচণ্ড বেগে মাটিতে আছাড় দেয়। এতে সুজনের ঘাড়ের হাড় গুরুতরভাবে ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

দরিদ্র ভুক্তভোগী পরিবারটি জানায়, সুজনের চিকিৎসার খরচ চালাতে তারা হিমশিম খাচ্ছে। ঘটনার পর অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো ক্ষতিপূরণ দেয়নি, উল্টো পরিবারটিকে নানা হুমকি-ধামকি দিচ্ছে। 

এ বিষয়ে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিল্লালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।