সারাদেশ

রূপগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় কৃষক নিহত

প্রিন্ট
রূপগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় কৃষক নিহত

প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, রাত ৯:৪৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের গন্ধবপুর নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম গন্ধবপুর নামাপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় সবজি চাষী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গন্ধবপুর বাজার থেকে সওদা কেনা শেষে রূপসী-কাঞ্চন সড়ক হয়ে নিজ বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম। নামাপাড়া মোড়ে পৌঁছালে দুল দুল প্লাস নামের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপার্জনক্ষম বাবাকে হারিয়ে জাবি শিক্ষার্থী শাকিল আহমেদসহ নিহতের পরিবার ও স্বজনদের মাঝে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।