সারাদেশ

জীবনমান উন্নয়নে ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য প্রায় ৭০ লাখ টাকার সহায়তা

প্রিন্ট
জীবনমান উন্নয়নে ঠাকুরগাঁওয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য প্রায় ৭০ লাখ টাকার সহায়তা

প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, বিকাল ৫:৪১

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪১৯ জনের হাতে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ৪১৯ জন উপকারভোগীর মাঝে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে মোট ৬৯ লাখ ৭৪ হাজার ১ টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ১০ জনকে বসতঘর, ৪৯ জনকে বাইসাইকেল, ৩৩ জনকে সেলাই মেশিন এবং ৩২৬ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষা, আবাসন, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য নেওয়া এসব উদ্যোগ শুধু আর্থিক সহায়তায় সীমাবদ্ধ নয়, বরং তাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।