সারাদেশ

সিদ্ধিরগঞ্জে শ্রমিকের রহস্যজনক মৃত্যু: শরীরে পিটুনি ও গরম পানির দাগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে শ্রমিকের রহস্যজনক মৃত্যু: শরীরে পিটুনি ও গরম পানির দাগ

প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, রাত ১০:৪৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলো গেট এলাকায় সাদ্দাম সরদার (৩৫) নামে এক ভাসমান শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের শরীরে বর্বর নির্যাতন ও গরম পানিতে ঝলসে যাওয়ার স্পষ্ট ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সাইলো গেট সংলগ্ন একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম কুমিল্লা দাউদকান্দির রফারদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় সাইলো গেট এলাকায় থেকে লেবারের কাজ করতেন। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সকালে সাদ্দামের অসুস্থতার খবর পেয়ে কুমিল্লা থেকে ছুটে আসেন তাঁর বাবা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও সাদ্দাম চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান এবং সাইলো গেটে ফিরে আসতে জোরাজুরি করেন। বাধ্য হয়ে রাতে তাঁকে সাইলো গেটে ফিরিয়ে আনা হলে কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।

নিহতের ডান হাতের চামড়া উঠে যাওয়া, পেটে কালচে আঘাতের চিহ্ন এবং দুই পায়ে বেধড়ক পিটুনির ছাপ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে নির্মমভাবে পিটিয়ে ও শরীরে গরম পানি ঢেলে নির্যাতন চালিয়েছে, যা থেকে এই মৃত্যু হতে পারে।

এদিকে সন্তান হারিয়েও নিহতের বাবা আব্দুর রাজ্জাকের শোকের চেয়ে তীব্র ভয়ের ছাপ দেখা গেছে। তিনি কার ভয়ে মুখ খুলছেন না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে।