সারাদেশ

বন্দরে ডিবি পরিচয়ে হাতকড়া পরিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই

প্রিন্ট
বন্দরে ডিবি পরিচয়ে হাতকড়া পরিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, রাত ১১:৪৩

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীকে তুলে নিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী কবরস্থান সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার আলতাফ হোসেন রবিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত। এ ঘটনায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলতাফ হোসেন মদনপুর ডাচ-বাংলা ব্যাংক শাখা থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা ক্যাশ করেন। সেই টাকাসহ আগের আরও দেড় লাখ টাকা মোট ১৮ লাখ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন তিনি। ঢাকেশ্বরী কবরস্থান এলাকায় নেমে হেঁটে যাওয়ার সময় একটি হাইয়েস গাড়ি তার পথ রোধ করে। গাড়ি থেকে ৭-৮ জন নেমে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে পিস্তল ঠেকিয়ে হাতকড়া পরায় এবং চোখ বেঁধে গাড়িতে তুলে নেয়।

পরবর্তীতে গাড়ির ভেতরে তাকে বেধড়ক মারধর করে ১৮ লাখ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে লাঙ্গলবন্ধ ব্রিজের নিচে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয় এক পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারকে খবর দেন।

এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদ আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতার ও টাকা উদ্ধারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।