মামলার এজাহার সূত্রে জানা যায়, বন্দর উপজেলার সালেহনগর এলাকার রূপালী গেইট সংলগ্ন স্থানে ব্যবসায়ী শিমন হাসানের ড্রেজারের পাইপ ও মালামাল রাখা ছিল। গত ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কাজল প্রধান ও তার সহযোগীরা সেখান থেকে ১৭ লাখ টাকা মূল্যের ৮৫টি ড্রেজার পাইপ এবং ৪ লাখ টাকার বুস্টার মেশিনের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী শিমন হাসান জানান, মালামাল না পেয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, চুরি হওয়া মালামালগুলো নবীগঞ্জ ও মাহমুদনগর এলাকার বিভিন্ন ভাঙারির (স্ক্র্যাপ) দোকানে বিক্রি করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তিনি বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসীর অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক পরিচয়ের আড়ালে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির মাধ্যমে বেপরোয়া হয়ে উঠেছিলেন কাজল।
অভিযোগের ভিত্তিতে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কাজল প্রধানকে গ্রেপ্তার করে। বন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত