সারাদেশ

রূপগঞ্জে পৈতৃক ভিটা-মাটি রক্ষায় ১০ গ্রামের মানুষের প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর

প্রিন্ট
রূপগঞ্জে পৈতৃক ভিটা-মাটি রক্ষায় ১০ গ্রামের মানুষের প্রতিবাদ সভা ও গণস্বাক্ষর

প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, রাত ১০:৫৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৈতৃক ভিটা-মাটি, ফসলি জমি রক্ষা এবং অবৈধভাবে বালু ভরাটকৃত জমির ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সভা, গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মাদ্রাসা প্রাঙ্গণে পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ১০টি গ্রামের শত শত সাধারণ মানুষ ও কৃষক অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী চক্র ও বিভিন্ন আবাসন কোম্পানি জোরপূর্বক তাদের ফসলি জমি ও বসতবাড়িতে বালু ভরাট করে দখল করে নিচ্ছে। এতে অনেক কৃষক পরিবার জীবিকার একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। অনতিবিলম্বে বালু ভরাট বন্ধ, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং জমির ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

বক্তব্য শেষে উপস্থিত সবাই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। পরে একটি গণমিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইছাখালী তেমোড়া মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশ থেকে আগামী ৭ আগষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের এবং ২৮ আগস্ট ডিজিটাল সার্ভের মাধ্যমে নিজ নিজ জমি বুঝে নেওয়ার কঠোর হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের নেতা ওয়াসিম উদ্দীন, রূপগঞ্জ সোশাল ফাউন্ডেশনের সভাপতি আমজাদ হোসেন, গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরী, বিএনপি নেতা ফিরোজুল মাস্টার ও অ্যাডভোকেট নাজমুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।