সারাদেশ

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রিন্ট
সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, রাত ১০:৫৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে আয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোজা নামে অপর এক শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পৌরসভা এলাকার চিলারবাগে এ ঘটনা ঘটে।

নিহত আয়ান সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে চিলারবাগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সম্পর্কে আয়ান ও আহত রোজা মামা-ভাগ্নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আয়ান ও রোজাসহ তিন শিশু বিজয় স্তম্ভ সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সঙ্গে থাকা অন্য শিশুটি বাড়ি ফিরে গেলেও আয়ান ও রোজা পানিতে খেলতে গিয়ে তলিয়ে যায়।

দীর্ঘ সময় তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।