সারাদেশ

পূর্বাচলে রিসোর্টে ডাকাতি: মাইক্রোবাস ও মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার

প্রিন্ট
পূর্বাচলে রিসোর্টে ডাকাতি: মাইক্রোবাস ও মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত : ৪ আগস্ট ২০২৬, রাত ৯:৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের একটি রিসোর্টে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও লুণ্ঠিত মালামালসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে উপশহরের ২ নম্বর সেক্টরের অরণ্য আবাস রিসোর্ট থেকে ও পরবর্তী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)।

পুলিশ জানায়, ভোরে রিসোর্টে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে। তারা সেখানে অবস্থানরত অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল সেট ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং শুক্কুর আলী ও আব্দুল আহাদকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে ধাওয়া দিয়ে রুবেল ও রাব্বিকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর থেকে তানভীর ও হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-৬৯৪০), লুণ্ঠিত ৬টি মোবাইল ফোন ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ঘটনায় রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।