সারাদেশ

সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ২ ইউনিট

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ২ ইউনিট

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, রাত ১০:০৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি রাসায়নিকের (কেমিক্যাল) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় কোনো হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ গুদাম থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও মালামাল ভস্মীভূত হয়।

খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় এলাকাটি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।