সারাদেশ

বন্দরে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড: দগ্ধ একই পরিবারের তিনজনেরই মৃত্যু

প্রিন্ট
বন্দরে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড: দগ্ধ একই পরিবারের তিনজনেরই মৃত্যু

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, রাত ১০:১১

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের সবাই মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে গৃহকর্তা মাইদুল ইসলাম (২৮) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে সোমবার সকালে মাইদুলের স্ত্রী বিউটি আক্তার (২৪) এবং শনিবার দুপুরে তাদের আট বছরের সন্তান মারুফ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আগুনে বিউটির শরীরের ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত শুক্রবার ভোরে বন্দরের কুড়িপাড়া-চাপাতলী এলাকার একটি টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এক বছর আগে কাজের সন্ধানে নাটোর থেকে পরিবার নিয়ে নারায়ণগঞ্জে আসেন মাইদুল।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বন্ধ ঘরের ভেতর তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। পরে আগুনের সংস্পর্শে এসে এই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।