আহত জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার মো. জামশেদ মোল্লার ছেলে। আর অভিযুক্ত স্ত্রী সাবিকুন্নাহার মিম একই এলাকার মৃত মোস্তফা কামালের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল ও মিম দম্পতি দক্ষিণ সানারপাড় এলাকার শাহ আলম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। বুধবার রাতে জহিরুল বাসায় ফিরে স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী সাবিকুন্নাহার মিম ধারালো অস্ত্র দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন।
ঘটনার সময় জহিরুলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত