সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (৭৭) ও তার সাবেক পিএস এমদাদুল হক (৫২) সহ মোট ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছে সিআইডি। অভিযুক্তরা হলেন, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তোফায়েল আহমেদ আলমাছ, মো. মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা, মো. আনছার আলী, আলফাজ উদ্দিন ও দিমন ভূঁইয়া।
প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে অবৈধভাবে মোট ২৪০১.৪৬ শতাংশ জমি জবর দখল, হস্তান্তর ও রূপান্তর করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই জমির বর্তমান সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট রূপগঞ্জ থানায় এই মামলা (মামলা নং- ৪৩) দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তুলে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিক ভুক্তভোগীর সম্পত্তি অবৈধভাবে দখল ও রূপান্তর করেছে। এই অপরাধের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, মহানগর আদালত, ঢাকা-এর নির্দেশে সংশ্লিষ্ট সম্পত্তি ক্রোক করা হয়েছে। ক্রোককৃত সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।
আদালত ক্রোককৃত সম্পত্তির রিসিভার হিসেবে সিআইডি প্রধানকে (অতিরিক্ত আইজিপি) নিয়োগ করেছেন।
মামলাটি রূপগঞ্জ থানায় দায়ের হলেও সিআইডি'র ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এর তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং অজ্ঞাত জড়িতদের শনাক্তকরণের জন্য তদন্ত অব্যাহত আছে।
মতামত