রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের প্রায় ১০০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের সফল তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শিশু সাজিদ উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামের মাঠে তার মা রুনা খাতুনের সঙ্গে হাঁটার সময় একটি গভীর গর্তে পড়ে যায়। গর্তটি খড় দিয়ে ঢাকা থাকায় কেউ এর নিচে ১০০ ফুট গভীর নলকূপ রয়েছে বুঝতে পারেনি।
শিশুটির মা মা ডাক শুনে প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, খবর পেয়ে বেলা আড়াইটা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। প্রথমে স্থানীয়দের মাটি ফেলার কারণে উদ্ধার কাজ কিছুটা জটিল হয়।
ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, প্রথম দিন ৪৫ ফুট পর্যন্ত খোঁড়া হলেও শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পরে রাতে ও পরদিন পুনরায় জোর তৎপরতার ফলে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। দীর্ঘ সময়ের এই সফল উদ্ধার অভিযান শিশুটির পরিবার এবং এলাকাবাসীর মধ্যে বড় স্বস্তি এনে দিয়েছে।
মতামত