সারাদেশ

সিদ্ধিরগঞ্জে গ্যারেজে অতর্কিত হামলা: নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে গ্যারেজে অতর্কিত হামলা: নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অটোরিকশার গ্যারেজে অতর্কিত হামলা চালিয়ে নগদ প্রায় সোয়া লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্যারেজ মালিক বাচ্চু মিয়া বাদী হয়ে দু'জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় বিমান ভবনস্থ গলিতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে মো. সালাউদ্দিন (২৮) সাত মাস ধরে ওই গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় গ্যারেজ মালিক তাকে শাসন করেন। এর জের ধরে সালাউদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠে।

জানা গেছে, সালাউদ্দিন সাত মাস আগে গ্যারেজ মালিকের কাছ থেকে ৪২ হাজার টাকা ধার নিয়েছিলেন। পাওনা টাকা চাওয়ায় সালাউদ্দিন মালিককে গালমন্দ করে। এর প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়।

পরে সালাউদ্দিন, অপর অভিযুক্ত মো. কাশেম (৫০) সহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে গ্যারেজে অতর্কিত হামলা চালায় এবং গ্যারেজে রাখা নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গ্যারেজে হামলার বিষয়ে ভুক্তভোগী বাচ্চু মিয়া অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।