সারাদেশ

গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ আর নেই

প্রিন্ট
গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ আর নেই

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:২৭ আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, রাত ১২:৪২

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ (২) আর বেঁচে নেই। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে দুর্ঘটনার পর প্রায় ৩২ ঘণ্টা রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের শেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় তাকে গর্ত থেকে বাইরে আনা হয়। তবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ৪০ মিনিটে সাজিদকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, শিশুটির মৃত্যু আগেই হয়েছিল।বুধবার দুপুরে শিশু সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল, যার নিচে একটি ১২০ ফুট গভীর অরক্ষিত গভীর নলকূপের গর্ত ছিল। হাঁটার সময় হঠাৎ সাজিদ সেই গর্তে পড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে উদ্ধার অভিযান চালানো হয় এবং গর্তে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখা হয়েছিল।

স্থানীয়রা অভিযোগ করেছেন, গত বছর নলকূপের জন্য খোঁড়া ১২০ ফুট গভীর পাইপটি অরক্ষিত অবস্থায় মুখ খোলা ফেলে রাখা হয়েছিল। কর্তৃপক্ষের সতর্কতামূলক ব্যবস্থার অভাবকেই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী করছেন স্থানীয়রা। শিশু সাজিদের এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।