ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মাথায় জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে সার্বিকভাবে তার শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছেন। পরবর্তী ধাপের চিকিৎসা সম্পন্ন হলে তাকে উন্নত পোস্ট অপারেটিভ সাপোর্টের জন্য এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সুমন রানা জানিয়েছেন, হাদির মস্তিষ্কে গুলিবিদ্ধ হওয়ার ফলে ভয়াবহ ধরনের আঘাত সৃষ্টি হয়েছে। গুলি মাথার পেছন দিক দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। প্রবেশপথ ছিল কর্ণের পাশের শক্ত হাড়ের অংশ, যা ভেঙে ভেতরে ছড়িয়ে পড়া হাড়ের টুকরো মস্তিষ্কে অতিরিক্ত ক্ষত তৈরি করে। বিশেষজ্ঞদের ভাষায় যাকে সেকেন্ডারি প্রজেক্টাইল বলা হয়।
তিনি জানান, নিউরোসার্জারি বিভাগের কাজ শেষ হওয়ার পর ইএনটি বিশেষজ্ঞরা নাকে নেজাল প্যাক স্থাপন করছেন। একই সঙ্গে অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকেরা পায়ের ঘর্ষণজনিত পোড়া অংশে প্লাস্টার এবং ড্রেসিং সম্পন্ন করছেন। পুরো সার্জারি একাধিক বিভাগের সমন্বিত অংশগ্রহণে চলছে।
চিকিৎসকদের ভাষায়, হাদির শারীরিক অবস্থা এখনো ঝুঁকিমুক্ত পর্যায়ে যায়নি। সবশেষ ধাপের সার্জারি শেষ হলে উন্নত জীবনরক্ষাকারী সাপোর্ট নিশ্চিত করতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
মতামত