নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লার লঞ্চঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ নামের একটি লঞ্চ জান্নাতি নামের বালুভর্তি বাল্কহেডের পেছনের অংশে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর লঞ্চটি বাল্কহেডের ওপর উঠে গিয়েছিল। লঞ্চটি সরিয়ে নেওয়ার পরপরই বাল্কহেডটি দ্রুত ডুবে যায়। বাল্কহেডে থাকা পাঁচজন চালক ও শ্রমিক লাফিয়ে নদীতে পড়ে সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই লঞ্চটিকে আটক করা হয়েছে। ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত