সারাদেশ

অবৈধভাবে সার মজুদ: ঠাকুরগাঁওয়ে গুদাম সিলগালা ব্যবসায়ীর জেল

প্রিন্ট
অবৈধভাবে সার মজুদ: ঠাকুরগাঁওয়ে গুদাম সিলগালা ব্যবসায়ীর জেল

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:৫৩

অবৈধভাবে বিপুল পরিমাণ সার গুদামজাত করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ নামে এক ব্যবসায়ীর গুদাম সিলগালা করেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা ও সাতদিনের কারাদণ্ডও দিয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) জেলা সদরের খোচাবাড়ি বাজার এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোনালি ট্রেডার্স নামে একটি কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালিয়ে ইউরিয়া, পটাশ, ফসফেটসহ মোট ৭৬৬ বস্তা সার জব্দ করা হয়। গুদামের মালিক আব্দুল্লাহ মজুদকৃত সারের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

ইউএনও এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম অবৈধভাবে লাইসেন্সবিহীন সার ক্রয়, মজুদ ও বিক্রয়ের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ব্যবসায়ী আব্দুল্লাহকে ৫ হাজার টাকা জরিমানা ও সাতদিনের কারাদণ্ড দেন।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, ডিলারদের কাছে সার না পেলেও অবৈধ মজুদদাররা অতিরিক্ত দামে বস্তা বস্তা সার বিক্রি করছে। কৃষকরা আশা করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সারের কোনো সংকট দেখা দেবে না। ইউএনও খাইরুল ইসলাম জানান, সারের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে এ অভিযান অব্যাহত থাকবে।