চট্টগ্রামের মিরসরাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবুল কালাম (৬০), তিনি ওই এলাকার ফজলে রহমান বেপারী বাড়ির বাসিন্দা। অভিযুক্ত ভাতিজা মো. হেলাল সম্পর্কে নিহতের মৃত ভাই তাহের আহাম্মদের ছেলে।
সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে চাচা আবুল কালামের সঙ্গে ভাতিজা হেলালের কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে আবুল কালামকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা হেলাল পলাতক রয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত ভাতিজা হেলালকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
মতামত