সারাদেশ

মসজিদের সম্পত্তিতে জোরপূর্বক মাদ্রাসা নির্মাণের অভিযোগ লালমোহনে উত্তেজনা

প্রিন্ট
মসজিদের সম্পত্তিতে জোরপূর্বক মাদ্রাসা নির্মাণের অভিযোগ লালমোহনে উত্তেজনা

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৫৮

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম চর উমেশ পাঙ্গাসিয়া ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির জামে মসজিদের জায়গায় জোরপূর্বক মাদ্রাসা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৬০ বছরের পুরনো মসজিদের ওয়াকফকৃত সম্পত্তিতে ইকবাল নামে এক ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন।

জানা যায়, প্রায় ৬০ থেকে ৬৫ বছর আগে শ্রীকান্তর মিয়া দেওয়ান এই সম্পত্তি মসজিদকে দান করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, এই সম্পত্তি মসজিদের নামে ওয়াকফকৃত। কিন্তু এলাকার মালেক দেওয়ানের ছেলে ইকবাল দেওয়ান দীর্ঘ এক বছর ধরে জোরপূর্বক এই জায়গায় মাদ্রাসা নির্মাণ করছেন।

তারা আরও অভিযোগ করেন যে, এই জমিতে বহু বছর ধরে মসজিদ, মক্তব, এতিমখানা ও পুকুর ঘাটলা বিদ্যমান ছিল। এছাড়া, ইকবাল তার মাদ্রাসার সাইনবোর্ডে যে নাম (পশ্চিম চর উমেশ ইত্যাদিয়া মাদ্রাসা) ব্যবহার করেছেন, সেই নাম অনুযায়ী মাদ্রাসাটির স্থান (৮নং ওয়ার্ড) এটি নয়। অভিযুক্ত স্থানটি হলো পাঙ্গাসিয়া ৫নং ওয়ার্ড। এলাকাবাসীর দাবি, ইকবাল জোরপূর্বক মসজিদ ও মক্তবের জায়গায় মাদ্রাসা নির্মাণ করছেন, যা সম্পূর্ণ অবৈধ।