নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজিপুর এলাকায় এই অভিযান চালানো হয়। প্রতিষ্ঠান দুটি হলো চমক মশার কয়েল ফ্যাক্টরী এবং মিমহো ফুড প্রোডাক্টস।
তিতাস গ্যাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চমক কয়েল ফ্যাক্টরীতে অবৈধ সংযোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনার প্রমাণ মেলে। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কয়েল ফ্যাক্টরীকে ৯০ হাজার টাকা এবং মিমহো ফুড প্রোডাক্টসকে একইভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন মালামালও জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করে আসা এই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে তিতাসের সহকারী প্রকৌশলী মো. জাওয়ারুল মোরসালিন, সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. শাহ আলম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
মতামত