নারায়ণগঞ্জের বন্দর এলাকায় চায়না কোম্পানীর চোরাই ব্যাটারী বিক্রির উদ্দেশ্যে অটোরিকশায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় পুলিশ আটককৃতদের কাছ থেকে চোরাই ব্যাটারিসহ দুটি অটোরিকশা উদ্ধার করেছে।
গত রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার দাসেরগাঁও সালাউদ্দিনের বাড়ির সামনে স্থানীয়দের সহযোগিতায় এই দুই চোরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার রানা (২৮) এবং বগুড়া জেলার সুমন (২১)। তারা দীর্ঘদিন ধরে বন্দর এলাকায় বসবাস করছিল।
পুলিশ আটককৃতদের কাছ থেকে আনুমানিক ৪ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ১৪৯টি পুরাতন ভাঙ্গা ব্যাটারি এবং চোরাই মালামাল বহনে ব্যবহৃত দুটি অটোরিকশা (মূল্য প্রায় ৫০ হাজার টাকা) উদ্ধার করে।
ডংজিন লংগারভিটি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ম্যানেজার আবজাল হোসেন বাদী হয়ে আটককৃত দুজনসহ মোট ৪ জন নামীয় এবং আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন (মামলা নং- ১৬।
মামলার বাদী সূত্রে জানা গেছে, আটক ও পলাতক চোরেরা বিভিন্ন সময়ে ফ্যাক্টরি থেকে আনুমানিক ৪০ লাখ টাকার পুরাতন নষ্ট ব্যাটারি চুরি করে নিয়ে গিয়েছিল। ঘটনার দিন, চোরাই ব্যাটারি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ফ্যাক্টরির জমির মালিকসহ কয়েকজন তাদের আটক করার চেষ্টা করলে চোরেরা তাদের ওপর লোহার রড দিয়ে হামলা করে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা সম্ভব হয় এবং তাদের দেখানো মতে বাকি ব্যাটারিগুলো পলাতক চোরদের ভাড়া ঘর থেকে উদ্ধার করা হয়।
পুলিশ আটককৃত দুই আসামিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
মতামত