সারাদেশ

রূপগঞ্জে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা, থানায় অভিযোগ

প্রিন্ট
রূপগঞ্জে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা, থানায় অভিযোগ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভায় রূপসী স্ট্যান্ডের পাশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি মোঃ নূর আলমসহ একাধিক সাংবাদিক। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকেলে রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন তিতাস গ্যাস অফিসের পাশের সরকারি রাস্তা বেআইনিভাবে কেটে ব্যক্তিগত জমিতে যাওয়ার জন্য রাস্তা নির্মাণের কাজ শুরু করেন মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৩৫), মোঃ আরিফ (৫০) ও নাড়ৎ (৪০)।

বিষয়টি জানতে পেরে দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোঃ নূর আলমসহ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের জন্য যান। অভিযোগ মতে, বিল্লালের সহযোগিতায় আরিফ ও নাড়ৎ অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে রামদা, চাপাতি, ছুরি ও লাঠি-সোটা সজ্জিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়। অভিযুক্তরা সাংবাদিকদের উদ্দেশ্যে খুন করে ফেলা হবে বলে হুমকি দেয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে সাংবাদিকদের উদ্ধার করেন, ফলে তারা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ভবিষ্যতে সংবাদ প্রকাশ বা প্রতিবাদ করা হলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সুযোগ পেলে প্রাণে হত্যা করারও হুমকি দিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল জানান, সাংবাদিককে হত্যার হুমকির ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।