স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে জামালপুর জেনারেল হাসপাতালে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের যৌথ উদ্যোগে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি শামীমা খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান এবং সনাক জামালপুরের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মেহেদী মাহমুদ খান বক্তব্য রাখেন।
গণশুনানিতে অংশ নিয়ে রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালে সেবা নিতে এসে তাদের নানা ভোগান্তির কথা তুলে ধরেন। তারা নার্স ও স্টাফদের দুর্ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ এবং নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জনবল সংকটের কারণে সৃষ্ট সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত হলেও জনবল সংকটের কারণে কিছু সমস্যা হচ্ছে। তিনি সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারী উভয়ের মধ্যে আন্তরিকতা বাড়ানোর ওপর জোর দেন।
বক্তারা স্বাস্থ্যসেবায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনকে হয়রানিমুক্ত, জনবান্ধবমুখী এবং দুর্নীতিমুক্ত সেবা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই গণশুনানিতে অন্তত ৬০ জন সেবাগ্রহীতা, ভুক্তভোগী ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
মতামত