নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কুখ্যাত মাহবুবুর রহমান রক্সি ওরফে কাইল্লা রক্সি এবং তার সশস্ত্র বাহিনী সন্ত্রাস, ডাকাতি ও মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের একটি প্রভাবশালী অংশের দোসর হিসেবে পরিচিত রক্সি রাজনৈতিক ছত্রছায়ায় এই কর্মকাণ্ড চালাচ্ছে।
মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকার বাসিন্দা রক্সির নেতৃত্বে সাব্বির, হাসান ও মেহেদীসহ অন্তত ১০-১২ জনের একটি চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিয়মিত চাঁদা না দিলে তাদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
গত ২ ডিসেম্বর কাবিলগঞ্জ এলাকায় রক্সি বাহিনী গরু ব্যবসায়ী আব্দুল বাতেন ব্যাপারীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা প্রায় ৭ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। আহত বাতেন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের অভিযোগ রয়েছে রক্সি বাহিনীর বিরুদ্ধে।
এলাকাবাসীর দাবি, রক্সির বিরুদ্ধে সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক আইনে বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা অবিলম্বে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে রক্সি ও তার পুরো বাহিনীর বিরুদ্ধে দ্রুত আইনি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মতামত