নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় শহীদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মস্তকবিহীন ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে একটি নির্জন স্থানে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত শহীদুল ইসলাম সিলেট জেলার হাউজিং স্টেট এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
ঘটনাস্থল থেকে আড়াইহাজার থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আলামত সংগ্রহ করেছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (গ-সার্কেল) মেহেদী ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিনিয়র এএসপি মেহেদী ইসলাম জানান, নিহত ব্যক্তির মাথা বিচ্ছিন্ন ও পেটের একাংশ কাটা অবস্থায় ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের আশ্বাস দেন।
এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রায়ই রাতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটে।
মতামত