সারাদেশ

শ্রীপুরে শিক্ষার্থীদের জীবন রক্ষাকারী সিপিআর প্রশিক্ষণ

প্রিন্ট
শ্রীপুরে শিক্ষার্থীদের জীবন রক্ষাকারী সিপিআর প্রশিক্ষণ

প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, রাত ১২:১৬

মাগুরার শ্রীপুর উপজেলার সম্মিলিত পঞ্চগ্রাম বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য জীবনরক্ষাকারী কৌশল সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন ও স্বাস্থ্য সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় পাঁচজন ইন্টার্নি চিকিৎসক শিক্ষার্থীদের হাতে কলমে সিপিআর প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি মাদকাসক্তি, ই-সিগারেট বা ভেপিংয়ের ঝুঁকি, আত্মহত্যা প্রতিরোধ, বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন, স্মার্টফোন আসক্তি এবং নিপাহ ভাইরাস প্রতিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. জুলি চৌধুরী বলেন, হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে তাৎক্ষণিক জীবন বাঁচাতে সিপিআর অত্যন্ত কার্যকর। এছাড়া বর্তমান প্রজন্মের মধ্যে ভেপিং বা ই-সিগারেটের যে প্রবণতা বাড়ছে, তা হার্ট ও ফুসফুসের অপূরণীয় ক্ষতি করছে। এসব ঝুঁকি সম্পর্কে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্টার্নি চিকিৎসক নজরুল ইসলাম, মাহমুদা আক্তার পুষ্প, ইকরাম খান, রাহাত বিন ইউনুস, প্রিয়া ধর এবং মেডিকেল টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী।

প্রশিক্ষণে বিদ্যালয়ের শিক্ষক ও প্রায় তিন শতাধিক ছাত্রী অংশ নেয়। প্রধান শিক্ষক এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন জীবনমুখী প্রশিক্ষণ দেওয়া হলে সমাজ ও শিক্ষার্থীরা উপকৃত হবে।