সারাদেশ

সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রামে অটোচালকের মরদেহ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রামে অটোচালকের মরদেহ

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, দুপুর ১:০৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাল থেকে ড্রামবন্দি অবস্থায় মোহাম্মদ আলী (৩২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) সকালে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের গোদনাইল নয়াপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ আলী ভোলার চরফ্যাশন উপজেলার সাহাবুদ্দিনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। স্থানীয়রা সকালে খালের পানিতে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ড্রামটি তীরে এনে খোলার পর ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই চালকের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পরিচয় অজ্ঞাত থাকলেও আঙুলের ছাপ প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার জানান, গত শুক্রবার সকালে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে মোহাম্মদ আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে ড্রামে ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।