সারাদেশ

জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠন বিজেইউজের আত্মপ্রকাশ

প্রিন্ট
জলঢাকায় নতুন সাংবাদিক সংগঠন বিজেইউজের আত্মপ্রকাশ

প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, রাত ৯:৪৩

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জার্নালিস্টস ইউনিয়ন জলঢাকা (বিজেইউজে) নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর প্রতিনিধি হিসেবে জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান নবগঠিত কমিটির সভাপতি মাহমুদ আল-হাছান ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান নয়নের হাতে কমিটিপত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সেলিমুর রহমান, উপদেষ্টা ও সাবেক অধ্যাপক রুহুল আজাদ দুখুর প্রতিনিধি আলমগীর হোসেন, উপদেষ্টা ফয়সাল মুরাদ।

উপদেষ্টারা নবগঠিত এই কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, উচ্চশিক্ষিত, মার্জিত ও সৃষ্টিশীল সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি জলঢাকায় সাংবাদিকতার ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হবে। তারা আশা প্রকাশ করেন, সংগঠনটি সাংবাদিকতার সঠিক নীতি-নৈতিকতা মেনে চলার মাধ্যমে দেশ ও জনপদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ জলঢাকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।