সারাদেশ

নওগাঁর মান্দায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ

প্রিন্ট
নওগাঁর মান্দায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ

প্রকাশিত : ২৮ মার্চ ২০২৬, রাত ১০:০৩

নওগাঁ জেলার মান্দা উপজেলায় থানাপুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একদল ভুক্তভোগী। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে ইসারতুল্যা অভিযোগ করে বলেন, “মান্দা থানা-পুলিশের আচরণ আমাদের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে। তারা প্রতিপক্ষের প্ররোচনায় আমাদের বিরুদ্ধে নিয়মিত হয়রানিমূলক কার্যক্রম চালাচ্ছে। জমি নিয়ে বিরোধের জেরে আমাদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির একটি মিথ্যা মামলা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা সবাই বর্তমানে জামিনে রয়েছি। কিন্তু এরপরও থানা থেকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে এবং নতুন করে আরও মামলা দেওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে। যাদের আসামি করা হয়েছে, তাদের বেশিরভাগই দরিদ্র। পুলিশের ভয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।”

এ বিষয়ে বক্তব্য জানতে চাঁদাবাজির মামলার বাদী আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, “পুলিশ কাউকে হয়রানি করছে না। যারা অভিযোগ করছেন, তারা মামলার এজাহারভুক্ত আসামি। কোনো মামলায় আসামি হলে এবং জামিন না নিলে পুলিশ তাদের খুঁজবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া।”

এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।