সারাদেশ

সিদ্ধিরগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অল্পের জন্য রক্ষা এলাকায় আতঙ্ক

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অল্পের জন্য রক্ষা এলাকায় আতঙ্ক

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, রাত ৯:৪১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে গোদনাইল বাগপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের ফলে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগপাড়া এলাকায় শাহিদা নামে এক নারীর পরিচালিত একটি খাবারের হোটেলে দুপুরের রান্নার প্রস্তুতি চলছিল। বেলা পৌনে ১২টার দিকে হোটেলের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানপাট ও বাসিন্দাদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কিত লোকজন দিকবেদিক ছুটোছুটি করতে থাকেন। পরে স্থানীয়রা সাহসের সাথে এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে সিলিন্ডারটি বিস্ফোরিত হলেও বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড ঘটেনি এবং কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বা পাইপের লিকেজ (ছিদ্র) থেকে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও জনবহুল এলাকায় এ ধরনের দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে।