সারাদেশ

ধর্মপাশায় বজ্রপাতে বিদ্যুৎ বিপর্যয়: ৩০ গ্রামে অন্ধকার জনদুর্ভোগ চরমে

প্রিন্ট
ধর্মপাশায় বজ্রপাতে বিদ্যুৎ বিপর্যয়: ৩০ গ্রামে অন্ধকার জনদুর্ভোগ চরমে

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, রাত ১১:০৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রবল ঝড় ও বজ্রপাতে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩০টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। শনিবার (২৮ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এই বিপর্যয়ে সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কয়েক হাজার গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে একাধিক স্থানে বিদ্যুৎ লাইনের খুঁটি হেলে পড়ে এবং তার ছিঁড়ে যায়। এতে জাড়ারকোনা, গোলকপুর, ইসলামপুর, সুখাইড়সহ অন্তত ৩০টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্প সচল না থাকায় দৈনন্দিন রান্নাবান্না ও অজু-গোসলে বিপাকে পড়েছেন বাসিন্দারা।

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সোহেল মিয়া জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দ্রুত সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ জরুরি।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জামালগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. আজহারুল ইসলাম জানান, বজ্রপাতে পাঁচটি খুঁটি হেলে পড়া ছাড়াও একটি ট্রান্সফরমারসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের কাজ চলছে, আশা করা যাচ্ছে সোমবার সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।