সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বিক্ষোভে উত্তাল সাইনবোর্ড

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ বিচ্ছিন্ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বিক্ষোভে উত্তাল সাইনবোর্ড

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, রাত ১১:৪৬

বকেয়া বিলের অজুহাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মিতালী মার্কেটের ব্যবসায়ীরা। রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে সাইনবোর্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ব্যবসায়ীরা জানান, বকেয়া বিলের কারণে সকাল ১০টার দিকে ডিপিডিসি কর্তৃপক্ষ এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার মিতালী মার্কেট-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর প্রতিবাদে মার্কেটের কয়েক হাজার দোকানদার ও কারখানা মালিক মহাসড়কে নেমে আসেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সংযোগের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

বিক্ষোভ চলাকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ বর্তমান মার্কেট কমিটিকে আওয়ামী লীগের দোসর ও বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে অভিযুক্ত করেন। ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন অভিযোগ করেন, বর্তমান কমিটির নেতারা বহিরাগত এবং তারা শ্রম অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। তারা বিদ্যুৎ বিলের টাকা আত্মসাৎ করে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছেন। তারা অবিলম্বে অভিযুক্ত জামান, কলার ফারুক ও মিটার মামুন গংদের গ্রেফতার এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

অভিযোগের বিষয়ে বর্তমান কমিটির কার্যকরী সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, ব্যবসায়ীরা বিল না দেওয়ায় ডিপিডিসি সংযোগ কেটে দিয়েছে। প্রতিপক্ষ মহলের ইন্ধনে তারা আন্দোলন করছে। তবে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ফারুক এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ব্যবসায়ীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর বিষয়ে ডিপিডিসি ও মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।