সারাদেশ

গাজীপুরে চালক হত্যা: প্রধান আসামি লালমনিরহাট থেকে গ্রেফতার

প্রিন্ট
গাজীপুরে চালক হত্যা: প্রধান আসামি লালমনিরহাট থেকে গ্রেফতার

প্রকাশিত : ৩০ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:৪৪

গাজীপুরের পূবাইলে ইজিবাইক চালক শাহাবুল ইসলাম (৪৭) হত্যা মামলার প্রধান আসামি মো. মমতাজ আলীকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৯ মার্চ) রাতে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভোটমারি এলাকা থেকে র‌্যাব-১ ও র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ১১ মার্চ সন্ধ্যায় পূবাইলের মেঘডুবি এলাকায় চালক শাহাবুলকে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে মমতাজ ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মার্চ তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ১৯ মার্চ পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া ৯টায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মমতাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।