সারাদেশ

নারায়ণগঞ্জে সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যুৎ

প্রিন্ট
নারায়ণগঞ্জে সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক বিদ্যুৎ

প্রকাশিত : ১৭ মে ২০২৬, বিকাল ৩:০৬

কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৬-এ সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দক্ষ সংগঠক সম্মাননা পেয়েছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। শনিবার (১৬ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে তাঁকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

কাব্যকথা কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই উৎসবে সারা দেশ থেকে মাত্র ১০ জন গুণীজনকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার পাশাপাশি স্মরণিকা পাঠ উন্মোচন, কবিতা-ছড়া-পুঁথিপাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাব্যকথার প্রধান উপদেষ্টা কবি আরিফ মঈনউদ্দীন এবং উৎসবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা। এছাড়া সাহিত্যিক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজনে স্বীকৃতি পেয়ে আমি অভিভূত। এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। তরুণ লেখক ও সংগঠকদের উৎসাহিত করে নারায়ণগঞ্জকে সাহিত্যের একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।