সারাদেশ

শেরপুরে ৫২ বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীকে জেলা পরিষদের ঈদ উপহার

প্রিন্ট
শেরপুরে ৫২ বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীকে জেলা পরিষদের ঈদ উপহার

প্রকাশিত : ২০ মে ২০২৬, সন্ধ্যা ৮:২১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে ৫২ জন বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছে জেলা পরিষদ। বুধবার (২০ মে) সকালে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন পুরুষকে পাঞ্জাবি এবং ১২ জন নারীকে থ্রিপিস প্রদান করেন শেরপুর জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ (পলাশ)।

এ সময় তিনি বলেন, অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। জেলা পরিষদের দরজা এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়। তিনি বলেন, মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের পাশে জেলা পরিষদ সবসময় থাকবে। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঈদের আগে এমন উপহার পেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা জেলা পরিষদের এই মানবিক উদ্যোগের প্রতি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।