সারাদেশ

সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদার জন্য অটোচালককে পিটিয়ে হত্যা: মহাসড়ক অবরোধ

প্রিন্ট
সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদার জন্য অটোচালককে পিটিয়ে হত্যা: মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ২০ মে ২০২৬, সন্ধ্যা ৮:৪৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় মমিনুল মিয়া (৪০) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে সকালে নিহতের লাশবাহী অ্যাম্বুলেন্স আটকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। নিহত মমিনুল সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, গত রোববার বিকেলে দড়িকান্দি এলাকায় মমিনুলের কাছে শাহিন মিয়া নামের এক যুবক চাঁদা দাবি করে। প্রথম দফায় চাঁদা দেওয়ার পর দ্বিতীয় দফায় আরও ১০ টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহিন ও তার দলবল মমিনুলকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়।

মাথায় গুরুতর আঘাত পেয়ে মমিনুল স্ট্রোক করেন। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন ও তার সহযোগীরা পলাতক রয়েছে।

চালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং দড়িকান্দী-বাংলাবাজার সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের চট্টগ্রাম লেনে যান চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, স্থানীয় এই চাঁদাবাজ সিন্ডিকেটের অনৈতিক কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। মাত্র ১০ টাকার জন্য একজন নিরীহ মানুষকে তারা নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছে। তারা দ্রুত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, মারধরের ঘটনায় গত সোমবার রাতেই নিহতের বড় ভাই মোবারক হোসেন বাদী হয়ে শাহিন মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। এখন সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।