সারাদেশ

লিচু খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ: কিশোর সংশোধনাগারে

প্রিন্ট
লিচু খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ: কিশোর সংশোধনাগারে

প্রকাশিত : ২১ মে ২০২৬, রাত ১২:০৬

রাজধানীর ডেমরায় লিচু খাওয়ানোর কথা বলে ছয় বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে আদালত তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতে ডেমরার বাঁশেরপুল আমিনবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ মে রাত সাড়ে ১০টার দিকে পেশায় অটোরিকশাচালক বাবা এবং মা কাজের প্রয়োজনে ঘরের বাইরে ছিলেন। পূর্বপরিচিত হওয়ার সুবাদে এই সুযোগে প্রতিবেশী কিশোর মোস্তাকিম লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটি ও তার ছোট ভাইকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে ভাইকে অন্য কক্ষে খেলনা দিয়ে ব্যস্ত রেখে শিশুটিকে ধর্ষণ করে। একপর্যায়ে তাদের কান্নাকাটির শব্দ পেয়ে মা ছুটে এসে মেয়েকে উদ্ধার করেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, ঘটনার পরদিন মঙ্গলবার বিকেলে স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত মোস্তাকিমকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেপ্তার দেখায়। ওই রাতেই ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বুধবার আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।