সারাদেশ

ডিএনডি খাল দূষণ: ফতুল্লায় ডাইং কারখানাকে জরিমানা

প্রিন্ট
ডিএনডি খাল দূষণ: ফতুল্লায় ডাইং কারখানাকে জরিমানা

প্রকাশিত : ২৪ জুন ২০২৬, সন্ধ্যা ৭:৩১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি খালের পাশে বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়া পরিচালিত আকবর ডাইং কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) ফতুল্লা ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানকালে কারখানাটিতে পরিবেশসম্মত ইটিপি না থাকা এবং কঠিন বর্জ্য অবৈধভাবে খালে ফেলার প্রমাণ পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে এই অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। অভিযানে পরিবেশ অধিদপ্তর, তিতাস গ্যাস, র‌্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।

ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর বলেন, ডিএনডি খাল রক্ষায় জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে আছে। যেসব ডাইং ফ্যাক্টরি পরিবেশের ছাড়পত্র ও ইটিপি ছাড়া চলছে, তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে। দ্রুত বর্জ্য শোধনাগার স্থাপন না করলে কারখানা সিলগালাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনডি খালকে দূষণমুক্ত রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিত জারি থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।