আসন সমঝোতা নিয়ে মিত্রদের সঙ্গে সৃষ্ট দূরত্ব নিরসনে বৈঠকে বসছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। ইতোমধ্যে পাঁচটি জোটের শীর্ষ নেতাসহ মিত্র রাজনৈতিক দলের মোট পনের জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকে উপস্থিত থাকবেন গণতন্ত্র মঞ্চ, বারো দলীয় জোট, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরামের শীর্ষ নেতারা। বিএনপির পক্ষ থেকে মহাসচিবসহ কয়েকজন সিনিয়র নেতা অংশ নেবেন বলে জানা গেছে। মিত্রদের ভাষ্য, নির্বাচনি আসন বণ্টন নিয়ে দ্রুত সুষ্ঠু সমাধান প্রয়োজন। বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যৌথভাবে পথ চলার আকাঙ্ক্ষা তাদের।
এর আগের দিন রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে বৈঠকে বসেছিলেন মিত্র জোটগুলোর শীর্ষ নেতারা। বৈঠকে অংশ নেন উনত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেখানে বিএনপির প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। সিদ্ধান্ত হয়, দ্রুত বিএনপির সঙ্গে আলোচনায় বসে সমাধানের পথ খোঁজা হবে।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চ, বারো দলীয় জোট, গণঅধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামে ইসলামী পার্টি ও গণফোরামের নেতারা। বৈঠকে শীর্ষ নেতাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, মোস্তফা জামাল হায়দার, নুরুল হক নুর, ফরিদুজ্জামান ফরহাদ ও সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা সাইফুল হক বলেন, বিএনপি যেভাবে ধারাবাহিকভাবে আসন ঘোষণা করেছে, তা মিত্রদের মাঝে ক্ষোভ বাড়িয়েছে। তার ভাষায়, তীরে এসে তরী ডোবানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি একলা চলো নীতি গ্রহণ করেছে এবং মিত্রদের পর্যাপ্ত গুরুত্ব দেয়া হচ্ছে না। এতে অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচন ঘনিয়ে এলেও বিএনপির সঙ্গে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। বিএনপির প্রার্থী ঘোষণা তাদের হতবাক করেছে বলেও মন্তব্য করেন তিনি।
মিত্রদের অভিযোগ, বিএনপির চাওয়া অনুযায়ী প্রার্থী তালিকা জমা দিলেও আলোচনা না করে ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অন্তত ছয়টি আসনে অনিবন্ধিত মিত্র দলের নেতারা মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
বিএনপির সূত্র বলছে, মিত্রদের সঙ্গে কোনো টানাপড়েন চায় না দলটি। ঐক্য ধরে রেখে আসন বণ্টনের সমাধান করা হবে। দলীয় অবস্থান অনুযায়ী ফাঁকা থাকা আটাশটি আসনের বেশির ভাগ মিত্ররাই পাবেন বলে ইঙ্গিত মিলেছে।
মতামত