সারাদেশ

গণঅধিকার পরিষদে আসিফের সম্ভাবনা উন্মুক্ত করল রাশেদ খান

প্রিন্ট
গণঅধিকার পরিষদে আসিফের সম্ভাবনা উন্মুক্ত করল রাশেদ খান

প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৭

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যেই তিনি সরকারের পদ ছেড়েছেন বলে রাজনৈতিক মহলে আলোচনায় এসেছে। পদত্যাগের পর তিনি কোন রাজনৈতিক দলে যোগ দেবেন তা নিয়ে জল্পনা বেড়েছে।

আসিফ মাহমুদের ঘনিষ্ঠ তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক দলে তার প্রভাব রয়েছে। আবার তার অগ্রজ ও বেশ কিছু ঘনিষ্ঠজন রয়েছেন গণঅধিকার পরিষদেও। এ দুটি দলের মধ্যে যেকোনো একটিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে। তবে পদত্যাগের আগে সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন আসিফ মাহমুদের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সখ্য রয়েছে তাদের। তিনি জানান পদত্যাগের আগের দিনও আসিফের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং গণঅধিকার পরিষদে আসার বিষয়ে তিনি ইতিবাচক। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

রাশেদ খান বলেন আসিফ মাহমুদ তার যোগ্যতা ও মর্যাদা অনুযায়ী গুরুত্ব পাবেন। তিনি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা উল্লেখযোগ্য ছিল। তিনি চাইলে যেকোনো দলে যোগ দিতে পারেন বা নতুন দলও গঠন করতে পারেন। তবে সখ্যের কারণে গণঅধিকার পরিষদে এলে তার জন্য মানিয়ে নেওয়া সহজ হবে বলে মন্তব্য করেন রাশেদ খান।

তিনি বলেন সরকারি দায়িত্বে থাকার সময়ে সমালোচনার মুখে পড়লেও বয়সে তরুণ হওয়ায় কিছু ভুলভ্রান্তি হয়েছে। সময়ের সঙ্গে পরিপক্কতা আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে রাশেদ খান বলেন আগের নির্ধারিত কর্মসূচি একদিন এগিয়ে আনতে মূল ভূমিকা ছিল আসিফ মাহমুদের। তার সাহসী সিদ্ধান্তের কারণেই পাঁচ আগস্টের আন্দোলন বেগবান হয় এবং পরবর্তীতে স্বৈরাচারী সরকারের পতনের পথ সুগম হয় বলে তিনি মন্তব্য করেন। আসিফ মাহমুদের প্রতি রাজনৈতিক মহলের ভালোবাসা ও সম্মান থাকা উচিত বলেও তিনি জানান।