রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে উদ্ধারে গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত শিশুটির কোনো সন্ধান না মেলায় উদ্ধারকাজ নতুন মোড় নিয়েছে।
উদ্ধারকারীরা গর্তের পাশে ইতিমধ্যেই ৪২ ফুট গভীর পর্যন্ত সমান্তরাল গর্ত খনন করেছেন। তবে এই গভীরতাতেও সাজিদের অবস্থান শনাক্ত করা যায়নি। এই পরিস্থিতিতে আরও ১০ ফুট গর্ত খননের সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকারী দল।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, ১৫০ থেকে ২০০ ফুট গভীর এই ধরনের গর্ত থেকে কাউকে তাৎক্ষণিক উদ্ধারের প্রযুক্তি বিশ্বের কোথাও নেই। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছি। তিনি আরও উল্লেখ করেন, উন্নত দেশগুলোতেও এমন ঝুঁকিপূর্ণ অভিযানে প্রায় ৭৫ থেকে ৭৮ ঘণ্টা সময় লেগে যায়।
জানা গেছে, বুধবার দুপুরে মায়ের হাত ধরে হাঁটার সময় সাজিদ হঠাৎ এই গভীর গর্তে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, পানির স্তর পরীক্ষার জন্য এক ব্যক্তি গর্তটি খুঁড়েছিলেন, যা ভরাট করা হলেও বৃষ্টির কারণে মাটি বসে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
মতামত