ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী মাসুদুজ্জামান তার নির্বাচনী এলাকার সকল প্রকার প্রচার সামগ্রী অপসারণের কাজ শুরু করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণার কার্যক্রম চলমান থাকায় প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীদের বিদ্যমান পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ, প্যান্ডেল এবং আলোকসজ্জাসহ সব প্রচার সামগ্রী তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচ ও দায়িত্বে অপসারণ করতে হবে। নির্বাচন আচরণ বিধির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে মাসুদুজ্জামান তার ব্যক্তিগত খরচে নারায়ণগঞ্জ-৫ আসনের সব স্থান থেকে যাবতীয় প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিচ্ছেন।
মাসুদুজ্জামান জানিয়েছেন, এখন থেকে কেবল নির্বাচন বিধি অনুযায়ী ব্যানার-ফেস্টুন ব্যবহার করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, আজকের পর থেকে যদি ভিন্ন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মবহির্ভূতভাবে তার নামে কোনো ব্যানার-পোস্টার প্রিন্ট ও প্রদর্শন করে, তবে তার দায়ভার মাসুদুজ্জামানের ওপর বর্তাবে না। নির্দিষ্ট সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই এর দায় বহন করতে হবে।
এ প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, আমার দল ও আমি আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের স্বার্থে নির্বাচন আচরণবিধির প্রতিটি দিক আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে অনুসরণ করছি।
তিনি বিশ্বাস করেন, একটি জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিধিনিষেধ মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জনগণের আস্থা বজায় রাখবে এবং নাগরিকদের জীবনে বাড়তি বিড়ম্বনা সৃষ্টি করবে না।
মতামত